শ্রীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে
ছবিঃ মেহেন্দিগঞ্জ প্রতিদিন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার আবুল শিকদারের বালির মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানির ঈদকে সামনে রেখে স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে আসতে শুরু করায় পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বসছে এ হাট। বুধবার (২০ মে ২০২৬) বিকেলে অনুষ্ঠিত হাটে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হাট ইজারাদারদের তথ্য অনুযায়ী, প্রতিবছর এ হাটে প্রায় ৫০ থেকে ৬০টি গরু এবং ১৫ থেকে ২০টি ছাগল বিক্রি হয়। তবে এবার ইউনিয়নে একটি মাত্র পশুর হাট বসায় সব এলাকার ক্রেতা-বিক্রেতারা এখানেই ভিড় করছেন। ফলে এবার প্রায় ১০০টির মতো গরু বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা।

ইজারাদাররা জানান, বুধবার থেকেই হাটের আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ৫ থেকে ৬টি গরু ও ছাগল বিক্রি হয়েছে। হাটে থাকা বেশিরভাগ গরুর দাম ৯০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে।

এদিকে, গতকাল একটি বড় গরুর দাম বিক্রেতা ১ লাখ ৮০ হাজার টাকা হাঁকলেও শেষ পর্যন্ত গরুটির দাম ওঠে ১ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয়দের মতে, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে, ততই হাটে পশুর সংখ্যা ও বেচাকেনা বৃদ্ধি পাবে।