বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঝকাজি এলাকায় জাহাঙ্গীর কর্মকার নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জহির মৃধা, জুলহাস মৃধা ও তাদের পরিবারের সদস্যরা মিলে জাহাঙ্গীর কর্মকারের ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে বেদম মারধর করা হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। জাহাঙ্গীর কর্মকার ভোলার এক মালিকের জমি নগদ খাজনায় নিয়ে চাষাবাদ করছিলেন। সেই জমিতে গরু দিয়ে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে জহির মৃধার সাথে তার বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এর দুই দিন আগেও জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বিলে একা পেয়ে আবারও তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, জহির মৃধা ও জুলহাস মৃধা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা বারবার এ ধরনের হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে।
আহত জাহাঙ্গীর কর্মকারকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
