মেহেন্দিগঞ্জে জাটকা অভিযানে হামলা: ২৪ জনের বিরুদ্ধে মামলা

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং ২৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের নির্মাণাধীন স্টেডিয়ামের সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী আব্দুল্লাহ আল সিয়াম এবং অভিযানে যুক্ত দিনমজুর মো. নাজিম উদ্দিন ও মো. শামীম।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী জানান, জাটকা সংরক্ষণে মেঘনা ও কালাবদর নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনার জন্য একটি দল প্রস্তুতি নিচ্ছিল। ওই দলে যোগ দিতে তিন কর্মচারী মোটরসাইকেলে করে লঞ্চঘাটের দিকে রওনা দেন।
পথিমধ্যে চুনারচর এলাকায় পৌঁছালে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা মোটরসাইকেল থামিয়ে তিনজনকে মারধর করে গুরুতর আহত করে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে।
খবর পেয়ে মৎস্য বিভাগের অন্য সদস্যরা ও পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে শুক্রবার সকালে মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১১ জনকে আসামি করে মেহেন্দীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।মেহেন্দিগঞ্জ থানা ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন সাংবাদিকদের বলেন,উপজেলা মৎস্য কর্মকর্তার উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।