বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা ৬নং ওয়ার্ডে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলি ওই এলাকার প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে এবং আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে লেখাপড়ার বিষয় নিয়ে মিলিকে বকাঝকা করেন তার মা মোকছেনুর বেগম। এতে মায়ের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে সে। মেয়েকে ঘুমিয়ে পড়েছে ভেবে রাতে আর খাবার খেতে ডাকেননি তার মা।
পরদিন শনিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে মিলিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাকতে তার কক্ষে যান মা। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে সন্দেহ হলে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে জানালার গ্লাস ভেঙে ভেতরে তাকালে জানালার গ্রিলের পাশে ওড়না পেঁচানো অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
এ বিষয়ে মিলির মা মোকছেনুর বেগম জানান, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যবর্তী কোনো এক সময়ে পরিবারের অগোচরে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে কাজিরহাট থানার এসআই আলমগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ফুপু বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
তবে মিলির মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।
