বরিশালের মেহেন্দিগঞ্জে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদক ব্যবসায়ী মো. মোস্তফা বেপারীর বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) মো. রুবেল খান। এ সময় তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. মো. মোস্তফা বেপারী (৪৪), পিতা—মৃত ফজলে করিম বেপারী, সাং—রাজাপুর, দক্ষিণ উলানিয়া।
২. মো. রাসেদ সরদার (৩৮), পিতা—মৃত কাঞ্চন সরদার, সাং—দাদপুর মধ্যকান্দি।
৩. মো. মফিজ ঢালী (৩৫), পিতা—মৃত কাশেম ঢালী, সাং—দাদপুর মধ্যকান্দি।
৪. রাজিব (২৯), পিতা—মৃত হারুন অর রশিদ, সাং—রাজাপুর, দক্ষিণ উলানিয়া।
পুলিশের দাবি, গ্রেফতারদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির বিভিন্ন অংকের নোটসহ মোট ৬ হাজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
