মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভোলা সদরের ১নং রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর সারেং বাড়ি এলাকা থেকে সাকিল রাডি নামে এক অটোরিকশাচালকের অটোর দুটি ব্যাটারি চুরি হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাকিল রাডি জানান, মাত্র দুই মাস আগে গ্রামীণ ব্যাংক থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে সংসারের হাল ধরার উদ্দেশ্যে তিনি অটোরিকশাটি ক্রয় করেন। তিনি আবদুল আজিজ রাডির ছেলে।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও অটোরিকশা চালিয়ে রাত ১১টার দিকে নিজ ঘরের সামনে অটোটি চার্জে দিয়ে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, চোরেরা চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করে অটোর দুটি ব্যাটারি নিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতিটি ব্যাটারির বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা। সে হিসাবে দুটি ব্যাটারির মূল্য প্রায় ৩৪ হাজার টাকা।
হঠাৎ এমন ক্ষতির কারণে ঋণগ্রস্ত সাকিল নতুন ব্যাটারি কিনতে পারছেন না। এতে অটোরিকশা চালিয়ে সংসার চালানো নিয়েও চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।
