চিরনিদ্রায় শায়িত হলেন পাতারহাট আরসি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ফজলে রাব্বি

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী পাতারহাট আর সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত গণিতবিদ ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী আর নেই। রাজধানীর উত্তরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, বিশেষ করে পাতারহাট আর সি কলেজ পরিবার এবং মেহেন্দিগঞ্জবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, নীতিবান অভিভাবক ও আলোকিত মানুষ। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, শৃঙ্খলা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র হিসেবে গৌরবময় ছাত্রজীবন অতিবাহিত করেন। সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে কর্মজীবনে তাঁকে বিভিন্ন প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়েছে।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, স্নেহশীল ও ধর্মপরায়ণ। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণে তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। সমাজের কল্যাণে নীরবে কাজ করে যাওয়া এই শিক্ষাবিদ তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের জানাজা এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে তাঁর প্রয়াত সহধর্মিণীর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খোরশেদ আলম সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং তাঁর অসংখ্য শিক্ষার্থীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি মহান আল্লাহর কাছে মরহুম অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরীর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।