গভীর রাতে গোয়ালঘর থেকে ১০টি গরু চুরি, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ কৃষক

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের রুকুনদী চর এলাকায় গভীর রাতে একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন প্রায় ৭০ বছর বয়সী খামারি মোকলেস হাওলাদার।
ভুক্তভোগী মোকলেস হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা তার খামারে প্রবেশ করে গোয়ালঘরে থাকা ১৩টি গরুর মধ্যে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। চোরেরা গোয়ালে মাত্র ৩টি গরু রেখে যায়, যার মধ্যে দুটি ছিল ছোট বাছুর।
সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের অবগত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকলেস হাওলাদার দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার পরিবার পরিচালনার প্রধান অবলম্বন ছিল এই গবাদিপশুগুলো। কয়েক বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই পরিবারে আর্থিক সংকট ও অভাব-অনটন নেমে আসে। এমন পরিস্থিতিতে খামারের অধিকাংশ গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে মোকলেস হাওলাদার বলেন, “এই গরুগুলোই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। এগুলো বিক্রি করে এবং পালন করে সংসার চালাতাম। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না। যারা গরুগুলোর খোঁজ জানেন, তারা দয়া করে আমাকে জানান।”
তিনি গরুগুলো উদ্ধারে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন। কোনো ব্যক্তি গরুগুলোর সন্ধান পেলে বা চুরির ঘটনার বিষয়ে তথ্য জানলে দ্রুত তার সঙ্গে অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, একসঙ্গে ১০টি গরু চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত গরুগুলো উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।