৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মেহেন্দিগঞ্জে পোস্টারে সরব আওয়ামী লীগ

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে রহস্যজনকভাবে পোস্টার ও লিফলেট সাঁটানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১১ নম্বর চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঢালিরহাটসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়। ধারণা করা হচ্ছে, ২০ জুন ২০২৬ রাতের কোনো এক সময় কে বা কারা গোপনে পোস্টারগুলো সাঁটিয়ে যায়।

পোস্টারে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা এবং “অলিতে গলিতে লিখে দে, শেখের বেটি আইতাছে”—এমন একটি স্লোগান লেখা রয়েছে। এছাড়া পোস্টারে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির নামও উল্লেখ রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই আব্দুল্লাহ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন। তাঁর বাবার নাম আবুল হোসেন মৃধা বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান, কে বা কারা রাতের আঁধারে পোস্টারগুলো সাঁটিয়েছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।