সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেহেন্দিগঞ্জের লিটন সরদারের।

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৬ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের সন্তান লিটন সরদার (পিতা: সিডু সরদার) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে রাস্তা পারাপারের সময় একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, জীবিকার সন্ধানে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন সরদার। সেখানে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন। প্রবাস জীবনের শুরুতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে।

নিহত লিটন সরদারের দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ১০ বছর এবং ছোট ছেলের বয়স মাত্র ২ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়দের ভাষ্যমতে, সৌদি আরবে যাওয়ার আগে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ব্রিজের গোড়ায় তার একটি ছোট হোটেল ছিল। এলাকার অনেক মানুষের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। হঠাৎ প্রবাসে পাড়ি জমানোর পর দোকানটি বন্ধ হয়ে যায়। আর আজ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

লিটন সরদারের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। উত্তর উলানিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।