কালাবদর নদী থেকে কিশোর রানার মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ স্বজনরা

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ দিন আগে
নিহদ, রানা হাওলাদার

বরিশালের মেহেন্দিগঞ্জে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর মো. রানা হাওলাদার (১৭)-এর মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার কালাবদর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাবদর নদীর লাল বয়ার দক্ষিণ পাশে ভাসমান অবস্থায় রানার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। এ সময় তার মা-বাবার আহাজারিতে পুরো এলাকা শোকাহত হয়ে পড়ে।

নিহত রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি মা-বাবার সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে এসেছিলেন।

গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চে ওঠেন রানা। লঞ্চ চলাচলের সময় ছাদে অবস্থানকালে অসাবধানতাবশত পা পিছলে কালাবদর নদীতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দুইদিন পর বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চের চলাচলের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।