ভাঙা পাঠাতন ব্রিজে চরম দুর্ভোগে হাজারো মানুষ, ঝুঁকিতে শিক্ষার্থীদের চলাচল

লেখক: সোহরাব হোসেন রানা
প্রকাশ: ৫ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঠাতন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন উত্তর জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসা ও উত্তর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেছেন এবং ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

চরম ভোগান্তির কারণে সম্প্রতি স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে সুপারি গাছ কেটে ভাঙা ব্রিজের ওপর অস্থায়ী চলাচলের ব্যবস্থা করেছেন। তবে এই ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কার করা না হলে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, “আমরা আর কতদিন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করব? যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।”