বজ্রপাতে কৃষকের ৫ গরুর মৃত্যু, কোরবানির ঈদ সামনে রেখে পথে বসার আশঙ্কা।

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা গরুগুলো এক মুহূর্তেই শেষ, প্রায় ৮-৯ লাখ টাকার ক্ষতি

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৯নং চর পৈকা গ্রামে বজ্রপাতে এক কৃষকের ৫টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৪ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চর পৈকা গ্রামের সাহেব আলী মাঝি তার গোয়াল ঘরে কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য কয়েকটি গরু প্রস্তুত করে রেখেছিলেন। রাতের বেলায় হঠাৎ বজ্রপাত হলে গোয়াল ঘরে থাকা ৮টি গরুর মধ্যে ৫টি ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। এতে কৃষক সাহেব আলী মাঝি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরিবারের একমাত্র আয়ের বড় উৎস ছিল এসব গরু।

এ ঘটনায় কৃষক ও তার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করেছিলেন সাহেব আলী মাঝি। কিন্তু এক মুহূর্তের বজ্রপাতে তার সব স্বপ্ন ভেঙে গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।