হিজলায় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হিজলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হিজলা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস শিকদার। এ সময় উপস্থিত ছিলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান, হিজলা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. ইয়াসিন, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ উপজেলার ১৪টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় প্রতিমন্ত্রী রাজীব আহসান হিন্দু সম্প্রদায়ের নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি বরাদ্দের অর্থ প্রতিটি পূজামণ্ডপে সমানভাবে বণ্টনের কথা বলেন। এ ছাড়া নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।