ছবি: আর এম শাহিন।
নদীপাড়ের নতুন সড়কে সবুজের ছোঁয়া: শ্রীপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের নদীপাড়ে নির্মাণাধীন নতুন সড়ককে ঘিরে এবার শুরু হয়েছে সবুজায়নের উদ্যোগ। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সড়কের দুই পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চরফানুয়া ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পর্যন্ত প্রায় ১,৮০০ ফুট সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রকল্পটির ব্যয় ৩ লাখ টাকার বেশি। দীর্ঘদিনের নদীভাঙন ও চলাচলের দুর্ভোগ লাঘবে নির্মাণাধীন এ সড়ক এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে সড়কের পাশে মোট ৩২২টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ২০০টি খেজুর গাছ, ১০টি তাল গাছ, ৫টি নিম গাছ, ২টি বট গাছ, ৫টি আম গাছ এবং ১০০টি কলাগাছ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল। এছাড়াও অংশ নেন আর এম শাহিন, মো. রিফাত, মো. সুজন ও মো. রিহাদ।
ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারেক কাজী, নয়ন জোমাদ্দার ও আজিজ হাওলাদার। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অংশ নেন মো. লতিফ হাওলাদার, মো. হোসেন ও মামুন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, নদীপাড়ের নতুন সড়কটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং সড়কের পাশে লাগানো গাছগুলো ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান এবং নদীপাড়ের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এসব গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ শ্রীপুরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।
