পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ২০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২০০টিরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিয়াজুর রহমান পৌরসভার পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিভিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মোঃ মোজাম্মেল হক ও রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর নবী মোঃ ফরিদ উদ্দীন, প্রধান শিক্ষক, পোমা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, সহকারী শিক্ষক, কানাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও উপস্থিত ছিলেন পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেনজির আহমেদ খান, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
