লঞ্চ দুর্ঘটনায় বাবাকে হারানো শিশু ইমরানের দায়িত্ব নিলেন মানবিক ডাক্তার

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৩ মাস আগে

ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে ফেরার পথে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারান মেহেন্দিগঞ্জের সোহেল ও তার বাবা। ওই দুর্ঘটনার শোকে স্তব্ধ হয়ে পড়েছিল মেহেন্দিগঞ্জসহ সমগ্র দেশ। পরিবারের ওপর নেমে আসে গভীর শোকের ছায়া।

তবে মহান আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান সোহেলের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হয় মোঃ ইমরান। জন্মের আগেই বাবাকে হারানো এই শিশুর ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসক ও মেহেন্দিগঞ্জের পদ্মা হাসপাতালের সেবাদানকারী মানবিক চিকিৎসক ডা. মঈনুল ইসলাম। তিনি নবজাতক ইমরানের লালন-পালন ও কল্যাণের জন্য প্রতি মাসে ১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

জানা যায়, ‘মেহেন্দিগঞ্জ আমাদের গর্ব’-এর অ্যাডমিন রাজু আহমেদের মাধ্যমে বিষয়টি ডা. মঈনুল ইসলামের নজরে আসে। পরে সোহেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় শিশুটির নানী জানান, আর্থিক সংকটের কারণে মা ও শিশুর পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ফলে শিশুটি পুষ্টিহীনতায় ভুগছে।

পরবর্তীতে পরিবারের বিকাশ নম্বর সংগ্রহ করে ডা. মঈনুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি প্রতিমাসে শিশুটির জন্য ১ হাজার টাকা করে সহায়তা পাঠানোর আশ্বাস দেন।

এদিকে, সোহেলের পরিবার বর্তমানে চরম কষ্টে দিনযাপন করছে। তার বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা ও তিন বোন। পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন।

স্থানীয়রা ডা. মঈনুল ইসলামের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার আশা খুঁজে পাবে।

সকলের প্রত্যাশা, মহান আল্লাহ ডা. মঈনুল ইসলামকে উত্তম প্রতিদান দান করবেন এবং ছোট্ট ইমরানের জীবন সুখ, শান্তি ও সফলতায় ভরিয়ে দেবেন। :