গণিতের জাহাজ’ উৎপল কান্তি রায় আর নেই উলানিয়া করোনেশন হাইস্কুলের প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

মেহেন্দিগঞ্জে উপজেলার উলানিয়া করোনেশন হাইস্কুলের সাবেক  প্রধান শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থীর প্রিয় উৎপল কান্তি রায় আর নেই। বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬:০০ টায় ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৫১ সালের ১ ডিসেম্বর ভোলা সদর উপজেলার উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন উৎপল কান্তি রায়। ১৯৮০ সালের ৫ মে তিনি উলানিয়া করোনেশন হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি জ্ঞান, আদর্শ ও নিষ্ঠার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তুলেছেন।

বিশেষ করে গণিত বিষয়ে তাঁর অসাধারণ দক্ষতা ও পাঠদানের কৌশল তাঁকে শিক্ষার্থীদের কাছে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল। শিক্ষার্থীদের ভালোবাসায় তিনি পরিচিত ছিলেন ‘গণিতের জাহাজ’ নামে। গণিতের জটিল সূত্র কিংবা কঠিন অঙ্ক—তাঁর কাছে যেন ছিল পানির মতো সহজ। তাই প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক শিক্ষার্থীরা বলতেন, “স্যার গণিতের সমুদ্রে সাঁতার কেটে অনায়াসে তীরে আসতে পারতেন।”

২০১১ সালের ৩০ নভেম্বর তাঁর ৬০ বছর পূর্ণ হয়। এরপরও তিনি আরও তিন বছর অতিরিক্ত দায়িত্ব পালন করেন। শিক্ষকতার দীর্ঘ পথচলায় তাঁর মেধা, শৃঙ্খলা, আন্তরিকতা ও শিক্ষার্থীবান্ধব আচরণ তাঁকে করে তুলেছিল একজন অনুকরণীয় শিক্ষক।

তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর মনে তাঁর শেখানো গণিতের পাশাপাশি তাঁর আদর্শ ও স্মৃতিও বেঁচে থাকবে।

মৃত্যুকালে তিনি দুই কন্যা রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাঁর দুই কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন,শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি প্রিয় শিক্ষক উৎপল কান্তি রায়কে। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।