শাহনাজ
দীর্ঘ ১১ বছর পর প্রকাশিত হয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) বার্ষিক ম্যাগাজিন-২০২৬ ‘অনুরণন’। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
এবারের ‘অনুরণন’ ম্যাগাজিনে স্থান পেয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব সলদি গ্রামের মেয়ে এবং সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহনাজ খানমের লেখা ছোটগল্প ‘নিস্তব্ধ শহরের শেষ প্রহরী’।
ম্যাগাজিনটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথাসহ কলেজের বিভিন্ন স্মরণীয় ঘটনা ও অর্জন স্থান পেয়েছে। ১৪৪ পৃষ্ঠার এই ম্যাগাজিন প্রকাশে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০-এর বেশি লেখা জমা পড়ে। সেখান থেকে বাছাই করে শিক্ষার্থীদের ৮২টি লেখা এবং শিক্ষকসহ মোট ১০৭ জনের লেখা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে বলে জানান ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার।
তিনি জানান, প্রায় তিন মাস ধরে যাচাই-বাছাই ও সম্পাদনার কাজ শেষে ৫ সেপ্টেম্বর ম্যাগাজিনটি প্রকাশ করা হয়।
নিজের লেখা প্রকাশের অনুভূতি জানিয়ে শাহনাজ খানম বলেন, দীর্ঘ ১১ বছর পর কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুরণন’ প্রকাশিত হওয়া এবং সেখানে তার ছোটগল্প প্রকাশিত হওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। নিজের লেখাটি নির্বাচিত হবে—এটি তার কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল বলেও জানান তিনি।
শাহনাজ বলেন, ‘অনুরণন’ শুধু একটি সাময়িকী নয়; এর পাতায় শিক্ষার্থীদের চিন্তা, অনুভূতি, সৃজনশীলতা ও স্মৃতি একসঙ্গে স্থান পেয়েছে। এই প্রকাশনার অংশ হতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, লেখাগুলো প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ‘অনুরণন’ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে এবং এর পথচলা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তার।
মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীর লেখা গল্প দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের বার্ষিক ম্যাগাজিনে প্রকাশিত হওয়ায় স্থানীয়ভাবেও বিষয়টি প্রশংসিত হয়েছে।

