এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গৌরবের নতুন উচ্চতায় পৌঁছেছে মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশ। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ এবং এর মধ্যে পাঁচজনের গোল্ডেন জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন।
এ কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (PMHSAA)। সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অবদান রাখায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতিও অভিনন্দন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
PMHSAA-এর সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খাঁন এক অভিনন্দন বার্তায় বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু একটি ফলাফলের পরিসংখ্যান নয়; এর পেছনে থাকে শিক্ষার্থীদের স্বপ্ন ও পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের শ্রম এবং অভিভাবকদের ত্যাগ। এবারের ফলাফল সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুলের গৌরবময় পথচলায় একটি আনন্দের অধ্যায়।”
তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাফল্যের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল শিক্ষা ও কৃতিত্বের ক্ষেত্রে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে।
একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানানো হয়। তাঁদের এ সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
