জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বরিশালের মেহেন্দিগঞ্জে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে স্বদেশ সাংস্কৃতিক সংসদ, মেহেন্দিগঞ্জ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি স্বদেশ সাংস্কৃতিক সংসদের সভাপতি মাস্টার মো. আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক ও শিশু বিভাগের পরিচালক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মো. সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মাস্টার মো. জাহিদ ইবনে খলিল, শিশু বিভাগের অর্থ সম্পাদক হাজী মো. হাসান জামিল, পরিচালক সিকদার মো. আনিস, চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠীর মেহেন্দিগঞ্জ শাখার পরিচালক মো. জিহাদসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে প্লে-গ্রুপ থেকে ২য় শ্রেণি, দ্বিতীয় বিভাগে ৩য় থেকে ৪র্থ শ্রেণি এবং তৃতীয় বিভাগে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, স্বদেশ সাংস্কৃতিক সংসদ মেহেন্দিগঞ্জে সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তারে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। একই সঙ্গে সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
