ভাঙনের কবলে লেংগুটিয়া স্কুল অ্যান্ড কলেজ, ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ

লেখক: সোহরাব হোসেন রানা
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর-গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লেংগুটিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রমত্তা তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনের মুখে চরম অস্তিত্ব সংকটে পড়েছে। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে নদীভাঙনের কারণে বর্তমানে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

স্থানীয়দের অভিযোগ, তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে স্কুল অ্যান্ড কলেজটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানটি বিলীন হয়ে গেলে শুধু একটি ভবনই হারিয়ে যাবে না, বরং পুরো এলাকার কয়েক হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং তাদের ভবিষ্যৎও হুমকির মুখে পড়বে।

এলাকাবাসীর মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ইট-পাথরের স্থাপনা নয়; এটি একটি অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

স্থানীয়রা পানি সম্পদ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে ৯৫ বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে এবং হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবনও সুরক্ষিত থাকবে।