দীর্ঘ দুই মাস অপেক্ষার পর অবশেষে নদীতে জাল ফেলার অনুমতি পেয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা। জাটকা সংরক্ষণে ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শেষ হয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের মেঘনা ও গজারিয়া নদীর বিশাল অংশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। বিশেষ করে বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর হবিনগর থেকে মেহেন্দিগঞ্জের বামনীরচর, গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট এবং মেহেন্দিগঞ্জ-সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত বিস্তৃত ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে চিহ্নিত। ১ মার্চ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার সময়কালে এই অঞ্চলে সব ধরনের জাল ফেলা বা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল
