জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার পুরোনো ইমেইল নাম বদলানো যাবে

লেখক: নিউজ ডেস্ক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৮ মাস আগে

ধাপে ধাপে চালু হচ্ছে নতুন ফিচার, জানুন কীভাবে বদলাবেন আপনার জিমেইল ঠিকানা

ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান আনলো গুগল। নতুন এক আপডেটের মাধ্যমে এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা চাইলে তাদের পুরোনো ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথমে সীমিত পরিসরে এই ফিচার চালু করা হয়। পরে ধাপে ধাপে এটি আরও বিস্তৃত করা হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। তবে অন্যান্য দেশে কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বার্তায় ইঙ্গিত দেন, পুরোনো বা অস্বস্তিকর ইমেইল নাম থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা এখন আরও পছন্দমতো ও প্রফেশনাল নাম ব্যবহার করতে পারবেন।
যেভাবে পরিবর্তন করবেন:
প্রথমে নিজের Google Account-এ লগইন করতে হবে। এরপর “Manage your Google Account” থেকে “Personal info” অপশনে গিয়ে “Email” সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে যদি “Change Google Account email” অপশনটি দেখা যায়, তাহলে নতুন ঠিকানা সেট করা যাবে।
তবে যেহেতু এই ফিচারটি ধাপে ধাপে চালু হচ্ছে, তাই অনেকের অ্যাকাউন্টে এখনো অপশনটি নাও থাকতে পারে।
পরিবর্তনের শর্তগুলো:
নতুন ইমেইল অবশ্যই আগে ব্যবহার না করা হতে হবে
পুরোনো বা ডিলিট করা ঠিকানা পুনরায় নেওয়া যাবে না
বছরে একবার পরিবর্তন করা যাবে
সর্বোচ্চ তিনবার পরিবর্তনের সুযোগ থাকবে
গুগল জানিয়েছে, ইমেইল পরিবর্তনের পরও পুরোনো ঠিকানাটি সম্পূর্ণ হারিয়ে যাবে না। এটি বিকল্প হিসেবে থেকে যাবে এবং উভয় ঠিকানায় পাঠানো মেইল একই ইনবক্সে পৌঁছাবে।
তবে জিমেইল ঠিকানা যেহেতু ইউটিউব, গুগল ডকসসহ বিভিন্ন সেবায় ব্যবহার করা হয়, তাই পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে Chromebook ব্যবহারকারীদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সব মিলিয়ে, দীর্ঘদিনের পুরোনো বা অপ্রাসঙ্গিক ইমেইল নাম বদলানোর সুযোগ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।